2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ হাসপাতালে এমন দৃশ্য আগে দেখেছেন? মঙ্গলদীপ জ্বালিয়ে মা ও গর্ভস্থ সন্তানের মঙ্গল কামনা, এরপর ৫০ গর্ভবতী মায়ের আপ্যায়ন!
ব্রেকিং নিউজ

হাসপাতালে এমন দৃশ্য আগে দেখেছেন? মঙ্গলদীপ জ্বালিয়ে মা ও গর্ভস্থ সন্তানের মঙ্গল কামনা, এরপর ৫০ গর্ভবতী মায়ের আপ্যায়ন!

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
10 August 2026, 11:02 PM 160 ভিউ 1 মিনিট পড়ুন
হাসপাতালে এমন দৃশ্য আগে দেখেছেন? মঙ্গলদীপ জ্বালিয়ে মা ও গর্ভস্থ সন্তানের মঙ্গল কামনা, এরপর ৫০ গর্ভবতী মায়ের আপ্যায়ন!
ফাইল চিত্র: Asansol, West Bengal, India
সালানপুর, নিজস্ব সংবাদদাতা। কাজল মিত্র: চিকিৎসার পাশাপাশি মানবিকতার অনন্য নজির। হাসপাতাল চত্বরেই প্রায় ৫০ জন গর্ভবতী মায়ের জন্য আয়োজন করা হল সাধভক্ষণ অনুষ্ঠানের। সোমবার পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে এই অভিনব উদ্যোগ ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
সালানপুর ব্লকের সদ্য দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ ডা. তন্ময় মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলদীপ জ্বালিয়ে মা ও গর্ভস্থ সন্তানের মঙ্গল কামনা করার পর গর্ভবতী মায়েদের আপ্যায়ন করা হয় পুষ্টিকর নিরামিষ খাবারে। ছিল ভাত, ডাল, সবজি, পনির, ছানা ও মিষ্টি। প্রতীকীভাবে প্রত্যেক মায়ের হাতে তুলে দেওয়া হয় একটি করে আপেল।
অনুষ্ঠানের আগে প্রত্যেক গর্ভবতীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন তাঁরা। গোটা অনুষ্ঠানটি নিজে দাঁড়িয়ে তদারকি করেন বিএমওএইচ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মহঃ ইউনুস, ডিটিও অভিষেক রায়-সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা। এমন উদ্যোগের প্রশংসা করে ডা. ইউনুস জানান, দীর্ঘ কর্মজীবনে কোনও গ্রামীণ হাসপাতালে এ ধরনের আয়োজন তিনি দেখেননি।
ডা. তন্ময় মণ্ডলের কথায়, “উদ্দেশ্য শুধু খাওয়ানো নয়। গর্ভবতী মায়েদের সম্মান দেওয়ার পাশাপাশি তাঁদের এবং গর্ভস্থ সন্তানের পুষ্টি সম্পর্কে সচেতন করাই মূল লক্ষ্য।”
পিঠাকিয়ারি হাসপাতালকে আগামী দিনে আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান বিএমওএইচ। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং মেডিকেল পড়ুয়াদের ইন্টার্নশিপের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রত্যন্ত এলাকার এই হাসপাতালটি শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠবে বলেই আশাবাদী স্বাস্থ্য দফতর।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image